নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৩২ পিএম
আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পুরো ফ্র্যাঞ্চাইজিটি নয়, এর আংশিক শেয়ার বিক্রি করা হচ্ছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক জয় মেহতা তাঁর ২২ দশমিক ৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
প্রতিবেদনে জানানো হয়েছে, জয় মেহতা ৪০ কোটি ডলারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে তাঁর শেয়ার বিক্রি করছেন। সম্পূর্ণ নগদ অর্থে হতে চলা এই লেনদেনটি বর্তমানে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। এই চুক্তির ফলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।
বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা জয় মেহতার হাতে রয়েছে। অ্যারেস ম্যানেজমেন্টের কাছে তিনি তাঁর মালিকানার ঠিক অর্ধেক হস্তান্তর করতে চলেছেন। বলিউড তারকা শাহরুখ খানের হাতে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার বহাল থাকছে এবং জুহি চাওলাও সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন। বর্তমান নিয়ম অনুযায়ী, এই শেয়ার বিক্রিমূল্যের ৫ শতাংশ ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) পাবে, যার পরিমাণ প্রায় দুই কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।
২০০৭ সালে প্রথম আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে ওঠার পর শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা একত্রিত হয়ে `কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড` গঠন করেছিলেন।
মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্ট বিশ্বের প্রধান ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে আসছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মায়ামি ডলফিনস-এ ইতোমধ্যে তাদের অংশীদারিত্ব রয়েছে। কেকেআরের সঙ্গে এই চুক্তি ক্রিকেটেও তাদের বিস্তৃতি ঘটাচ্ছে। এই সংস্থাটি কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের নটিংহ্যাম-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘ট্রেন্ট রকেটস’-এর সহ-মালিক হিসেবেও যুক্ত রয়েছে।
আইপিএলে ফ্র্যাঞ্চাইজি হাতবদলের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে রাজস্থান রয়্যালসের হাতবদল হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপিতে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারিত হয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি, যেখানে আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস গ্রুপের পাশাপাশি মার্কিন বিনিয়োগকারী ব্ল্যাকস্টোন ও বোল্ট ভেঞ্চারস-এর মতো সংস্থার বিনিয়োগ রয়েছে। এ ছাড়া সিভিসি ক্যাপিটাল ২০২২ সালে গুজরাট টাইটান্স অধিগ্রহণ করে এবং পরবর্তীকালে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন