বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০১ পিএম

মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সরাসরি নির্দেশের পর শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও চাপের কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া গুয়াহাটিতে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল।

শুরুতে বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও শেষ পর্যন্ত নিরাপত্তার খাতিরে কেকেআর-কে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর তাদের বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়া মেনেই তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী তারা মোস্তাফিজের পরিবর্তে একজন বদলি ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের স্বত্বাধিকারী বলিউড বাদশাহ শাহরুখ খানকে কট্টরপন্থীদের তোপের মুখে পড়তে হয়। এমনকি উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন। এই ধরনের উগ্র মন্তব্য ও রাজনৈতিক উত্তাপের কারণেই মোস্তাফিজকে আইপিএল থেকে সরে যেতে হলো। ফলে এবারের আসরে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের প্রতিনিধিত্ব থাকছে না।