শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

লেখাপড়ার সঙ্গে খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়: জাহিদ হোসেন

কুদ্দুস আলী খান

অক্টোবর ৯, ২০২৬, ০৯:১১ পিএম

লেখাপড়ার সঙ্গে খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়: জাহিদ হোসেন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

উপজেলার ক্রীড়াপ্রেমী বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ এলাকা দল এবং ৯ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি এলাকা দল। মাঠের নির্ধারিত ৯০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় দলই সমানসংখ্যক গোল করায় ম্যাচটি অমীমাংসিত থাকে।

পরবর্তীতে শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ সামলে চমৎকার নৈপুণ্য দেখিয়ে ৪ নম্বর ওয়ার্ড পল্লী বিদ্যুৎ দলকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৯ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি দল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

সমাপনী বক্তব্যে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পুঁথিগত লেখাপড়া যেমন মানুষকে বিদ্যা অর্জনে সহায়তা করে, তেমনি নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশে সরাসরি ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং তার সঙ্গে নৈতিকতার মেলবন্ধন ঘটাতে পারলে একটি ছেলে বা মেয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের ইতিবাচক মানুষকেই দেশ ও জাতি চায়, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।