অক্টোবর ৯, ২০২৬, ০৭:০৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব শ্রেণি ও পেশার মানুষের সার্বিক কল্যাণে আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, বিএনপি সাধারণ মানুষের দল এবং এই দলে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং কৃষক, অসহায় নাগরিক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক ক্লাবের মধ্যে সহায়তা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি পুরোপুরি বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে মানুষে মানুষে দূরত্ব কমবে এবং শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থান নিশ্চিত হবে। `ধর্ম যার যার, রাষ্ট্র সবার`—এই নীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত আনন্দমুখর, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে সহযোগিতাপূর্ণ মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
দুস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো রাষ্ট্রের প্রধান সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং জটিল ব্যাধিতে আক্রান্ত নাগরিকদের জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে নিয়মিত আর্থিক অনুদান ও সামাজিক নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে। কৃষকদের সরাসরি উপকরণ দিয়ে সহায়তা করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত রাখার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ১ হাজার ৮০ জন প্রান্তিক কৃষকের প্রত্যেকের হাতে বিনামূল্যে উন্নত জাতের সবজির বীজ, ১০ কেজি সার এবং নেট তুলে দেওয়া হয়।
একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে ৩২ জন প্রতিবন্ধী ব্যক্তি, ৭২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং ৬৫ জন দুস্থ, অসুস্থ ও গৃহহীন ব্যক্তির মধ্যে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
তাছাড়া ক্যান্সার, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত ৪৮ জন দরিদ্র রোগীর প্রত্যেককে চিকিৎসার জন্য ১ লাখ টাকা করে এককালীন অনুদানের চেক দেন মন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের কাছে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্গাপূজা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম এবং মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন