শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৬, ১১:২৩ পিএম

দিনাজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল দশটায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ এবং সার্বিক কল্যাণসংক্রান্ত নানা দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান দেন এবং সার্বিক কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি উপস্থিত সবাইকে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।

কল্যাণ সভা শেষে জেলা পুলিশ থেকে সদ্য অবসরপ্রাপ্ত ছয়জন সদস্যকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেন পুলিশ সুপার। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ মরফুদুল ইসলাম, কনস্টেবল মোঃ মঞ্জুর হোসেন, কনস্টেবল মোঃ হামিদুল হক, কনস্টেবল মোঃ হাবিবুর রহমান এবং কনস্টেবল নিরেন চন্দ্র রায়। বিদায়লগ্নে পুলিশ সুপার তাদের দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা, সততা ও একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন। তিনি অবসরোত্তর জীবনে তাদের সুস্বাস্থ্য, পারিবারিক সুখ ও সার্বিক সাফল্য কামনা করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই পর্বে জেলার সার্কেল কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে মাঠে কাজ করার তাগিদ দেন।

অপরাধ নিয়ন্ত্রণ, জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাগুলোতে পুলিশি সেবার মান বাড়াতে আন্তরিক হওয়ার নির্দেশ দেন জেলা পুলিশ প্রধান। সেপ্টেম্বর মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের হাতে বিশেষ নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। কর্মক্ষেত্রে এই ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কাজের গতি আরও বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব সুমন রঞ্জন সরকার, জেলার বিভিন্ন সার্কেল কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।