শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের শরৎ মেলা শুরু

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৯, ২০২৬, ০৭:৫৯ পিএম

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের শরৎ মেলা শুরু

ছবি: দিনাজপুর টিভি

তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বিপণন ও তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দিনাজপুরে শুরু হয়েছে ‘নারী উদ্যোক্তাদের শরৎ মেলা ২০২৬’। শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন ‘স্বপ্নচূড়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা, দিনাজপুর’ দুই দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করেছে।

আয়োজক কমিটি জানিয়েছে, ৯ ও ১০ অক্টোবর টানা দুই দিন এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বহস্তে তৈরি নানা বৈচিত্র্যময় পোশাক, হস্তশিল্প ও সামগ্রী প্রদর্শন ও সরাসরি বিক্রির মাধ্যমে তাঁদের উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং জেলা পর্যায়ে পরিচিতি বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। উদ্যোক্তারা যেন সরাসরি ক্রেতাদের মুখোমুখি হয়ে তাঁদের তৈরিকৃত পণ্যের গুণমান তুলে ধরতে পারেন এবং ব্যবসা সম্প্রসারণের কার্যকর সংযোগ তৈরি করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।