অক্টোবর ৯, ২০২৬, ০৮:৪৪ পিএম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়ায় অবস্থিত কমরেড মোহাম্মদ ফরহাদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করা হয়।
কমরেড ফরহাদের সহধর্মিণী রাশেদা খানম রীনার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক, ‘আমরা ৭১’-এর সভাপতি, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং যুব ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুব জামান।
প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব জামান বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ সারাজীবন এ দেশের মেহনতি ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আপসহীন সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন। সমাজে ধনী ও দরিদ্রের আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা এবং একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল তাঁর আজীবনের মূল স্বপ্ন। দেশ এখন তথ্যপ্রযুক্তির আধুনিক যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এই প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রীনা ফরহাদ বলেন, কমরেড ফরহাদ যে রাজনৈতিক দর্শন ও আদর্শ নিয়ে আজীবন কাজ করেছেন, তা নতুন প্রজন্মের মাঝে লালন ও ধারণ করা জরুরি। তাঁর আদর্শ চর্চা করলে সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর হবে এবং একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. আশরাফুল আলম, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিল্টন, পরিবারের সদস্য আঞ্জুমান আকতার এবং কমিউনিস্ট পার্টির পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি চামেলী আকতার।
অনুষ্ঠানে কমরেড মোহাম্মদ ফরহাদের পরিবারের আত্মীয়স্বজন, কমিউনিস্ট পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং প্রতিবেশীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন