অক্টোবর ৯, ২০২৬, ০৭:৩৫ পিএম
বাংলা সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব। শুক্রবার উৎসবের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, সমাজসেবক ডা. এনএএম মোমেনুজ্জামান এবং নাসিম শফি। আমন্ত্রিত অতিথিরা ভাষা ও সংস্কৃতির উন্নয়নে এ ধরনের আয়োজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এবারের উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। দুই দিনের এই আয়োজনে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ ও বানান, চিত্রাঙ্কন, গণিত এবং দেয়ালপত্রিকাসহ মোট ৫০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতার পাশাপাশি উৎসবে রাখা হয়েছে ভাষা ও সাহিত্যবিষয়ক প্রদর্শনী, আবৃত্তি পরিবেশনা, শুদ্ধ উচ্চারণবিষয়ক বিশেষ আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন। এ ছাড়া খ্যাতনামা শিল্পী ও সাহিত্যিকদের অংশগ্রহণে একটি জমকালো সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেছেন যে, এই উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি হবে এবং সমাজে শুদ্ধ ভাষাচর্চার ব্যাপক প্রসার ঘটবে। দুই দিনব্যাপী এই বর্ণিল আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন