শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৬, ০৬:১১ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১১৭টি পূজামণ্ডপে সরকারি জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেবীগঞ্জে হিন্দু ও মুসলিমসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য নিয়ে মিলেমিশে বসবাস করবেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো দুষ্কৃতকারী যাতে প্রতিমা ভাঙচুর বা পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা অনেক সহজ হবে।

বক্তব্যে বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ তাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। এজন্য তিনি উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।