বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
বিশ্বমঞ্চে সাফল্য

রাশিয়ায় বিশ্ব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৪:৩৮ পিএম

রাশিয়ায় বিশ্ব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ

রাশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত বহুজাতিক বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ সদস্যের প্রত্যেকেই ব্যক্তিগত পদক পেয়েছেন। এর মধ্যে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক রয়েছে।

গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের তরুণ শিক্ষার্থীরা অংশ নেন। এতে ভূগোল বিষয়ে একাডেমিক জ্ঞান, বৈজ্ঞানিক দক্ষতা ও ব্যবহারিক অভিজ্ঞতা যাচাই করা হয়। বুধবার ঢাকার রাশিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তিগত বিভাগে তানভীর সাদাত ও আরিফা আতিক মীম রৌপ্য পদক অর্জন করেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। সব মিলিয়ে সামগ্রিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। অলিম্পিয়াডে পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে ছিলেন আহনাফ তাহমিদ উদ্দিন।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল ব্যবহারিক মাঠপর্যায়ের পরীক্ষা। গত ২৮ অক্টোবর রোজা খুতোর পর্বত অবকাশকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা পাহাড়ি ভূপ্রকৃতি পর্যবেক্ষণ, নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি পরিমাপ এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এ সময় বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ ও বাতাসের গতিবেগ পরিমাপ করতে হয়। এ ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও বিশ্লেষণধর্মী সমস্যার সমাধান করতে হয়। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের ভিত্তিতে কফির মূল্যসূচক নির্ণয়ের মতো ব্যতিক্রমী কাজও ছিল।

বাংলাদেশ দলের তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত বিদ্যালয় পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত অধ্যয়নের সুযোগ তুলনামূলক সীমিত। এ কারণে প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা বিষয় দুটির ওপর বিশেষ প্রস্তুতি নেন। সেই প্রস্তুতি অপরিচিত প্রশ্ন ও বাস্তব পরিস্থিতিতে বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগে সহায়তা করেছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাশিয়ান হাউজ ইন ঢাকা। প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানো এবং আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে কাজ করছে।

রাশিয়ান হাউজ ইন ঢাকা জানায়, রাশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা, রুশ ভাষা শেখার প্রস্তুতিমূলক কোর্স ও বিভিন্ন একাডেমিক বিনিময় কর্মসূচির সুযোগ দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শিক্ষাবিষয়ক পরামর্শ, রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সহায়তা করে।

মাই-জিও ২০২৬-এ বাংলাদেশের এ অর্জন আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের মেধা ও বৈজ্ঞানিক দক্ষতার পরিচয় তুলে ধরেছে। পাশাপাশি বিভিন্ন দেশের তরুণদের মধ্যে জ্ঞান বিনিময়, দলগত কাজ ও সাংস্কৃতিক যোগাযোগের সুযোগ তৈরি করেছে এ আয়োজন।