জাহিদ হাসান
অক্টোবর ১২, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: দিনাজপুর টিভি
শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর একটায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই দিবসের প্রধান বার্তা।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের কোনো অবস্থাতেই অবহেলা না করে মানসম্মত সুশিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে হবে। একজন শিক্ষিত ও সচেতন কন্যাশিশুই পরবর্তীতে পরিবার, সমাজ এবং গোটা রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।
তিনি উল্লেখ করেন, কন্যাশিশুদের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের বৈষম্য দূর করতে সমাজের প্রতিটি স্তর থেকে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। কোনো ধরনের বৈষম্য, নিপীড়ন বা অবহেলা বরদাশত না করে সবার জন্য নিরাপদ ও মর্যাদাশীল ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার।
স্থানীয় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিরা।