বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে নীলফামারীতে বাইসাইকেল শোভাযাত্রা

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৬:৫২ পিএম

শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে নীলফামারীতে বাইসাইকেল শোভাযাত্রা

ছবি: দিনাজপুর টিভি

শিশুশ্রম হ্রাস, বাল্যবিয়ে রোধ এবং ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে নীলফামারীতে একটি সচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। অলাভজনক সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’ (এএফডি)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রচার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ। এছাড়াও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন। তিনি বলেন,  নীলফামারী জেলা বাল্যবিয়ে ও শিশুশ্রমের চরম ঝুঁকিতে রয়েছে। যে বয়সে শিশুদের হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সে তারা শ্রমে জড়িয়ে পড়ছে এবং বাল্যবিয়ে হয়ে যাচ্ছে। এই বাইসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই—যেন কোনো শিশু শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে এবং বাল্যবিয়ে ও শিশুশ্রমের শিকার না হয়।  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,  এটি অত্যন্ত চমৎকার ও সময়োপযোগী একটি উদ্যোগ। বাইসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে। আমরাও চাই জেলাটি বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত হোক। 

এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় নারী অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে রোধ এবং শিশুশ্রম হ্রাসে কাজ করা হচ্ছে। এই প্রচার অভিযানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি অংশ নেন।