বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জ সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

মোজাম্মেল হক

জুলাই ২০, ২০২৬, ০৭:০৭ পিএম

বীরগঞ্জ সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সাতোর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সাতোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সাতোর ইউনিয়নকে এই মুক্ত ঘোষণা করা কেবল একটি মাইলফলকই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিশ্রুতি।সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সমাজের অগ্রগতির বড় বাধা। এই অর্জনকে টেকসই করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকার, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের অধিকার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই অর্জনকে দীর্ঘস্থায়ী করা সম্ভব। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত রাখতে সর্বদা সজাগ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।