নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৫৫ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ জন নেতা পদত্যাগের আবেদন করেছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে সোমবার দুপুরে তারা এই সিদ্ধান্ত নেন। সদর পশ্চিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেন।
৫১ সদস্যবিশিষ্ট ওই ওয়ার্ড কমিটির ৩১ জন নেতা পদত্যাগপত্রে স্বাক্ষর করলেও জমা দিতে আসেন ১০ জন নেতা। পদত্যাগের আবেদনকারীদের মধ্যে ওয়ার্ড সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিমসহ বিভিন্ন পদের নেতারা রয়েছেন।
পদত্যাগের কারণ সম্পর্কে ওয়ার্ড সভাপতি জাকির হোসেন সুমন জানান, জাবেদ হোসেনের বিরুদ্ধে বিধবা ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা আদায় ও জুয়াসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নারীসংক্রান্ত এসব অভিযোগের কারণে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করছেন। এই অবস্থার প্রতিবাদ জানাতেই তারা পদত্যাগের পথ বেছে নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এর প্রায় সাড়ে ছয় মাস পর গত ৩১ অক্টোবর সদর পশ্চিম উপজেলা কমিটি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়। উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পদত্যাগপত্র পাওয়ার বিষয়ে সদর পশ্চিম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া জানান, তারা দলের কোনো কর্মীকে হারাতে চান না। পদত্যাগপত্রটি তিনি আপাতত নিজের কাছে রেখেছেন এবং সাংগঠনিকভাবে সেটি গ্রহণ করা হয়নি। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন