নভেম্বর ১৩, ২০২৬, ১০:৩৯ এএম
দেশের বাজারে টানা চতুর্থ দফায় পতন ঘটেছে সোনার দামে। এবারের দফায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এর ফলে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার এই নতুন দর প্রকাশ করেছে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম হ্রাসের কারণে নতুন করে মূল্যবান এই হলুদ ধাতুটির দাম সমন্বয় করেছে বাজুস স্ট্যান্ডিং কমিটি অব প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম এখন পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে, বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল। এতে ওইদিন দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
তার আগের দিন ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি। তারও আগে ৬ নভেম্বর একই ক্যাটাগরির সোনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা।
সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমেছে চার দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন