নভেম্বর ১৩, ২০২৬, ০৭:৪১ এএম
বিশ্ব বাণিজ্যে বড় ধরনের রেকর্ড গড়ার লক্ষ্যে টেসলা ও স্পেসএক্স একীভূত হওয়ার আলোচনা চালিয়ে যাচ্ছে। এই দুই প্রতিষ্ঠানের সমঝোতা চূড়ান্ত হলে তা বৈশ্বিক করপোরেট দুনিয়ায় সবচেয়ে বড় ব্যবসার চুক্তি হিসেবে রেকর্ড গড়তে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। এলন মাস্কের এই দুই বৃহৎ কোম্পানি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই চুক্তি ঘোষণা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। করপোরেট দুনিয়ায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত মাস্কের পক্ষ থেকে এমন আগ্রাসী সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে আলোচনা গোপন রাখার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন যে, কোনো কারণে এই ঘোষণা আগামী বছরের শুরুর দিকেও গড়াতে পারে। বর্তমানে দুই কোম্পানির পর্ষদ এবং উপদেষ্টারা একীভূত প্রতিষ্ঠানের শাসনকাঠামো এবং অংশীদারিত্বের শর্তগুলো নিয়ে কাজ করছেন।
এই সম্ভাব্য চুক্তির আওতায় বৈদ্যুতিক গাড়ি, শক্তি সঞ্চয়কারী ব্যাটারি, রকেট এবং স্যাটেলাইট প্রযুক্তির মতো খাতগুলো এক ছাদের নিচে চলে আসবে। মহাকাশ অভিযান, চালকবিহীন গাড়ি এবং হিউম্যানয়েড রোবটের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের যৌথ উচ্চাভিলাষ থেকেই মূলত এই দুই প্রতিষ্ঠানকে এক করার চিন্তা করা হচ্ছে। এর ফলে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী ও চুক্তি সম্পাদনকারীদের জন্য এটি একটি বিশাল ঘটনা হতে পারে। তবে এই বিশাল ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করার আগে দুই প্রতিষ্ঠানকেই কিছু জটিল বাধার মুখে পড়তে হবে। বিশেষ করে চীনে টেসলার কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে এবং মার্কিন সরকারের সঙ্গে স্পেসএসের প্রতিরক্ষা চুক্তিগুলোর নিরাপত্তা কীভাবে রক্ষা করা হবে, তা একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের মার্কিন সরকারি ও প্রতিরক্ষা খাতের চুক্তিগুলোর সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তার বিষয়গুলো এবং চীনে টেসলার বিশাল উৎপাদন কার্যক্রম একে অপরের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ফলে নিয়ন্ত্রক সংস্থা এবং শেয়ারহোল্ডারদের কাছ থেকে অনুমোদন পাওয়াটা বেশ বড় চ্যালেঞ্জ হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতির ওপরও এই চুক্তির ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়া ডেমোক্র্যাট দলের আইন প্রণেতারা মাস্কের ব্যবসায়িক ও রাজনৈতিক কার্যক্রম তদন্ত করার অঙ্গীকার করেছেন। এর আগে গত অক্টোবরে মাস্ক জানিয়েছিলেন যে, দুই কোম্পানির স্বাধীন পরিচালকদের নিয়ে বিশেষ কমিটি গঠিত হয়েছে যারা এই একীভূতকরণ বিষয়টি বিবেচনা করছে।
প্রাথমিক গণপ্রস্তাবের পর বর্তমানে স্পেসএক্সের বাজারমূল্য এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের বেশি এবং টেসলার বাজারমূল্য প্রায় এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার। আগামী ৩ ডিসেম্বর টেসলার বার্ষিক শেয়ারহোল্ডার সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে থেকেই স্পেসএক্স এবং টেসলা উভয় প্রতিষ্ঠানই তাদের ব্যবসাকে আরও কাছাকাছি নিয়ে আসার কাজ করছিল। এর অংশ হিসেবে টেক্সাসে `টেরাফ্যাব` নামে একটি যৌথ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে। অতীতে শুধু রকেট প্রস্তুতকারক হিসেবে পরিচিত স্পেসএক্স সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো এবং মহাকাশ থেকে ইন্টারনেট সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠানে রূপান্তর লাভ করেছে। এই দুই প্রযুক্তি জায়ান্টের একীভূতকরণ প্রক্রিয়া সফল হলে তা বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন