শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ফিটনেস ট্র্যাকার ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম আনল হুুপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৬:০১ এএম

ফিটনেস ট্র্যাকার ব্যবহারকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম আনল হুুপ

হুুপের নতুন হিউম্যানস প্ল্যাটফর্ম

ফিটনেস ব্যান্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুুপ তাদের ব্যবহারকারীদের জন্য হিউম্যানস নামের নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্য ও ফিটনেস সংক্রান্ত তথ্য বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন। নতুন এই সুবিধাটি অ্যাপের মাধ্যমেই সব স্তরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

নতুন এই নেটওয়ার্কে ব্যবহারকারীরা তাদের রুটিন ওয়ার্কআউট, ঘুম, রিকভারি এবং বিভিন্ন অর্জন অন্যদের সঙ্গে দৃশ্যমান করতে পারবেন। ইনস্টাগ্রাম স্টোরির আদলে এতে ছবি ও ক্যাপশনসহ মোমেন্টস পোস্ট করা যাবে। এছাড়া অন্য সদস্যদের পোস্টে কমেন্ট ও রিঅ্যাক্ট করার সুযোগও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা বটমুক্ত এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ মানবীয় এবং প্রতিটি অ্যাকাউন্ট একজন বাস্তব মানুষের প্রতিনিধিত্ব করে।

হুুপের প্রধান নির্বাহী উইল আহমেদ জানান, এটি এখন পর্যন্ত চালু হওয়া সবচেয়ে যাচাইকৃত মানব নেটওয়ার্ক, যেখানে প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে রয়েছে একটি পরীক্ষিত হৃদস্পন্দন। ব্যবহারকারীরা চাইলে তাদের কোন কোন অ্যাক্টিভিটি বা মেট্রিকস শেয়ার করবেন তা নিজে নির্ধারণ করতে পারবেন। সংবেদনশীল হিসেবে চিহ্নিত কার্যক্রমগুলো ডিফল্টভাবে সুরক্ষিত থাকে। এছাড়া স্বাস্থ্য ও পারফরম্যান্স ডাটা সাময়িকভাবে লুকিয়ে রাখতে স্টিলথ মোড বা মোমেন্টস পোস্ট প্রাইভেট রাখার অপশন রয়েছে।

এর আগে হুুপে টিম নামের একটি ফিচার ছিল যা গ্রুপ লিডারবোর্ডের মাধ্যমে স্ট্রেন ও ঘুমের ডাটা শেয়ার করতে দিত। তবে নতুন হিউম্যানস প্ল্যাটফর্মটি আরও ব্যক্তিগত এবং ঘনিষ্ট যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে। এতে ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারেন কে তাদের অনুসরণ করবে এবং কে তাদের কোন তথ্য দেখতে পাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রক্তচাপের তথ্য, রক্ত পরীক্ষা এবং চিকিৎসা রেকর্ড আপলোডের মতো স্বাস্থ্যসেবামূলক ফিচারের পর এই সামাজিক নেটওয়ার্কটি তাদের স্বাস্থ্য সচেতনতার পরিধি আরও বাড়িয়ে তুলবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের শারীরিক অবস্থা বা পরিবারের সদস্যদের সুস্থতার খোঁজখবর রাখতে এই প্ল্যাটফর্মটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।