শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

শিক্ষাগত যোগ্যতার বিতর্ক এবং পদত্যাগে ইন্দোনেশিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৪৯ এএম

শিক্ষাগত যোগ্যতার বিতর্ক এবং পদত্যাগে ইন্দোনেশিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা

ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জিবরান রাকাবুমুং রাকা। ছবি: এএফপি

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে তীব্র বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি জিবরান রাকাবুমুং রাকা পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এই অর্থনীতির দেশে এই রাজনৈতিক নাটক নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে। গত বছর দেশের সর্বকনিষ্ঠ উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া জিবরান বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বর্তমান নেতা প্রাবোও সুবিয়ান্তোর মধ্যকার রাজনৈতিক জোটের একটি অন্যতম প্রতীক ছিলেন।

নির্বাচনী প্রচারের সময় ব্যবহৃত উচ্চ বিদ্যালয়ের একটি নথির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর জিবরানকে অভিশংসনের দাবি তুলেছিলেন আইনপ্রণেতারা। সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা জিবরান তার শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য একটি ইন্দোনেশিয়ান সমতুল্য সনদ ব্যবহার করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জিবরানের কোনো বিদেশি ডিপ্লোমা বা সার্টিফিকেট ছিল না, যা উচ্চ মাধ্যমিক বা সমমানের যোগ্যতার সমতুল্য হিসেবে পরিগণিত হতে পারে। আইন অনুযায়ী উপরাষ্ট্রপতিদের উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

উপরাষ্ট্রপতি হিসেবে জিবরানের পদত্যাগ এমন এক সময়ে এল যখন তার বাবা এবং সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর রাজনৈতিক জোটে ভাঙন ধরেছে। জিবরানের পদত্যাগের পর প্রেসিডেন্ট প্রাবোও গণমাধ্যমকে জানান যে তিনি ভারাক্রান্ত হৃদয়ে এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জিবরানের এই সিদ্ধান্তকে তিনি রাষ্ট্রের কল্যাণে একটি দায়িত্বশীল ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। জিবরান বরাবরই যুক্তি দেখিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করাই প্রমাণ করে যে তিনি উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাবোও প্রশাসনের কার্যক্ষমতা বাড়ানোর চেয়ে মূলত নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য একজন ভোট সংগ্রাহক হিসেবেই জিবরানকে জোটে আনা হয়েছিল। জিবরানের এই বিদায়ের ফলে বর্তমান প্রশাসনের ওপর থেকে সাবেক প্রেসিডেন্টের ছায়া সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন অনেকে। সুপ্রিম কোর্টের রায়ের পর একশরও বেশি আইনপ্রণেতা তাকে অভিশংসন করার প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর দেশটির উচ্চ কক্ষের আইনপ্রণেতারা রাষ্ট্রপতির মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে পরবর্তী উপরাষ্ট্রপতি বেছে নিতে ৬০ দিন সময় পাবেন। জিবরানের এই আকস্মিক পদত্যাগ এবং শিক্ষাগত সনদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক ইন্দোনেশিয়ার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস