নভেম্বর ২৫, ২০২৬, ১০:৪২ পিএম
ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্টের সুইডিশ প্রতিষ্ঠান ট্রাস্টলি প্রায় ৬ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে। এই অর্থে তারা পেমেন্টের তথ্যকে এআই দিয়ে রিয়েল-টাইম আর্থিক বুদ্ধিমত্তায় রূপ দেওয়ার পণ্য বানাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মূলধন সংগ্রহের এই ফলাফল জানায় ট্রাস্টলি। প্রধান শেয়ারহোল্ডার নর্ডিক ক্যাপিটাল ও আলফভেন অ্যান্ড ডিড্রিকসন অক্টোবরেই ৪ কোটি ডলারের বেশি প্রতিশ্রুতি দিয়েছিল; ব্ল্যাকরকের ব্যবস্থাপনাধীন তহবিলসহ অন্য বিদ্যমান শেয়ারহোল্ডাররা যোগ দেওয়ায় মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ডলার।
২০০৮ সালে প্রতিষ্ঠিত ট্রাস্টলির সদর দপ্তর স্টকহোমে। তাদের ওপেন ব্যাংকিং নেটওয়ার্কে ৩০টির বেশি বাজারের ১২ হাজার ব্যাংক ও ৯ হাজারের বেশি মার্চেন্ট যুক্ত। গ্রুপ প্রধান নির্বাহী ইয়োহান শার্নবের্গের ভাষ্য অনুযায়ী, ৫ কোটির বেশি গ্রাহক ও বছরে ১২ হাজার কোটি ডলারের বেশি লেনদেনের পেছনে রয়েছে এই নেটওয়ার্ক।
তবে গত সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি প্রায় ২০০ কর্মী ছাঁটাই করেছিল, যা তাদের মোট জনবলের প্রায় এক-চতুর্থাংশ।
তথ্যসূত্র: ট্রেডিংভিউ ও ফিনটেক ফিউচারস

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন