নভেম্বর ২৫, ২০২৬, ০৯:৪২ পিএম
নরসিংদীর বেলাব উপজেলায় এক অর্থবছরের ব্যবধানে উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বেড়েছে ৬১৮ হেক্টর। কৃষকদের উদ্বুদ্ধ করে এই অগ্রগতি এনেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলায় মোট বোরো ধান আবাদ হয়েছে প্রায় ৫ হাজার ৭৬৫ হেক্টর জমিতে।
গত অর্থবছরে ব্রি ধান ১০০ ও ব্রি ধান ১০০ প্লাস জাতের আবাদ ছিল ১ হাজার ১২৮ হেক্টর জমিতে। চলতি অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৬ হেক্টরে।
একসময়ের জনপ্রিয় জাত ব্রি ধান ২৮ এখন কৃষকের আস্থা হারাচ্ছে। এই জাতে রোগ ও পোকার আক্রমণ বেড়ে গেছে, বিশেষ করে ব্লাস্ট রোগ প্রকট আকার ধারণ করেছে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কৃষি অফিস থেকে কৃষকদের আধুনিক উচ্চ ফলনশীল জাত চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষি অফিসের এক কর্মকর্তা জানান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করার মাধ্যমেই এবার এই অগ্রগতি এসেছে। শুধু ব্রি ধান ১০০ ও ব্রি ধান ১০০ প্লাস জাতেই আবাদ বেড়েছে প্রায় ৬১৮ হেক্টর।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ অলিউর রহমান বলেন, কৃষকদের উদ্বুদ্ধ করে একেবারে শুরু থেকে আদর্শ বীজতলা করিয়ে পাটুলী ইউনিয়নের বটতলা এলাকায় ব্রি ধান ১০৮ জাতের এই মাঠ তৈরি করা হয়েছে। মাঠ খুব সুন্দরভাবে হয়েছে, তার কৃষক খুব খুশি।
তিনি আরও বলেন, যেসব কৃষক এ বছর ব্রি ধান ১০৮ চাষ করেননি, তারাও সামনের মৌসুমে এই জাত চাষে আগ্রহ দেখাচ্ছেন। মাঠ পরিদর্শনে এসে এই জাত চাষের আহ্বান জানান তিনি।
প্রদর্শনী প্লটের এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে দেওয়া নতুন ধান ব্রি ধান ১০৮ এবারই প্রথম তাদের মাঠে এসেছে। ফলন দেখে সবাই খুশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন