মে ২২, ২০২৬, ০৬:২৫ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে এই কার্যক্রম শুরু করা হয়। নবাবগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ ২০২৬ মৌসুমের এই ধান সংগ্রহ অভিযানের আয়োজন করে।সরকার কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে বলে জানান মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে এবার ধান সংগ্রহ করা হচ্ছে। এর ফলে প্রান্তিক চাষিরা সরাসরি লাভবান হবেন এবং দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে। সরকারি গুদামে ধান সরবরাহের ক্ষেত্রে কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখা হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।এদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোফাখখেরুল ইসলাম। এছাড়া বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস অনুষ্ঠানে অংশ নেন। বোরো সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা সময়মতো অর্জনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন