নভেম্বর ৯, ২০২৬, ০৩:০৯ পিএম
উত্তরাঞ্চলের নদনদীতে জেগে ওঠা চরে নানা ধরনের ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে সার ও বীজসহ বিভিন্ন প্রণোদনা পাওয়ায় তিস্তা, ধরলা, সানিয়াজান ও ব্রহ্মপুত্র নদীর চরে চাষাবাদে পরিবর্তন আসছে। কৃষি বিভাগ জানিয়েছে, এসব নদীর চরে অন্তত চারশ বাষ্পটি চর জেগে উঠেছে এবং ৩৩ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষাবাদ করা হবে। চরের জমি অস্বাভাবিক উর্বর হওয়ায় কৃষকদের উৎপাদিত ফসল দিয়ে সারা বছর চলে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বর্তমানে তিস্তার চরাঞ্চলে শুরু হয়েছে আগাম ভুট্টা চাষ। বিস্তীর্ণ চরে চলছে বীজ রোপণের কাজ। পুরুষদের পাশাপাশি এসব কাজে অংশ নিচ্ছেন নারীরাও। দিনভর মাঠে কাজ করে দৈনিক সাড়ে তিনশ থেকে চারশ টাকা মজুরি পাচ্ছেন নারী শ্রমিকরা। নিজেদের শ্রমে উপার্জিত এই অর্থ দিয়ে সংসারের খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন অনেকে। লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া তিস্তার চরাঞ্চলে এমন দৃশ্য দেখা গেছে।
তিস্তার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে কোথাও চলছে সদ্য প্রস্তুত করা জমি তৈরি, কোথাও আবার আগাম ভুট্টার বীজ রোপণ। পুরুষ শ্রমিকদের পাশাপাশি পাঁচ-ছয়জনের ছোট ছোট দলে ভাগ হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছেন নারীরা। মৌসুমভিত্তিক ফসলের ওপর নির্ভর করে চরাঞ্চলের অসংখ্য পরিবারের জীবন-জীবিকা চলে। আগাম ভুট্টা চাষ শুরু হওয়ায় কৃষিজমিতে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় নারী শ্রমিক পারুল বেগম জানান, তিনি প্রতিদিন ভুট্টার বীজ রোপণ করে চারশ টাকা পান। এই টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছেন তিনি। নিজের আয় থাকায় সংসারে স্বস্তি এসেছে। একই এলাকার রমিছা বেগম বলেন, শুধু স্বামীর আয়ে সব খরচ চালানো কঠিন হওয়ায় তারাও মাঠে কাজ করতে নেমেছেন, যা সংসারের আর্থিক চাপ কমাতে সাহায্য করছে।
সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম মনে করেন, নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। তিস্তার চরাঞ্চলের নারীরা কৃষিকাজ করে সংসারের হাল ধরেছেন এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন। তাদের এই পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা প্রশংসনীয়। সঠিক সুযোগ পেলে নারীরা পরিবার ও সমাজকে আরও এগিয়ে নিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
রংপুরের চর ইচলি, চর মহিপুর ও চর বাগেরহাটসহ বিভিন্ন চরে নারী-পুরুষ মিলে সবজি চাষ ও ভুট্টা চাষের কাজ করছেন। কৃষকদের ভাষั্য অনুযায়ী, চরের জমি পলিময় হওয়ায় সব ধরনের ফসল ভালো হয় এবং শ্রমও কম লাগে। তিন মাসের ফসল দিয়েই তাদের ছয় মাস সংসার চলে। সরকারি সহযোগিতা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া জানান, চলতি মৌসুমে তিস্তার চরাঞ্চলে দুই হাজার দুইশ নব্বই হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে আগাম ভুট্টা চাষ শুরু হওয়ায় নারীরা কৃষিশ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। তাদের এই অংশগ্রহণ সংসারে বাড়তি আয়ের পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে তুলতে সহায়তা করছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন