নভেম্বর ১৩, ২০২৬, ০৮:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পৌর শহরের সড়কবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকানপাট ভাঙচুরের পাশাপাশি উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করা হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে জাকারিয়া আহমেদ দায়িত্ব পান। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।
শুক্রবার বিকেলে নবগঠিত এই কমিটির উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল আসে। প্রতিবাদ মিছিলটির নেতৃত্ব দেন ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাত। এই অংশটি ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী বলে স্থানীয়ভাবে পরিচিত।
আনন্দ ও প্রতিবাদ মিছিল মুখোমুখি হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।
উল্লেখ্য, এই কার্যালয়টি উপজেলা বিএনপির পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ ও প্রতিবাদ মিছিল বের করলে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেলের ঘটনা ঘটে।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন