অক্টোবর ৯, ২০২৬, ১০:৩৭ এএম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার বিকেলে তিনি নগরীর পতেঙ্গাস্থ সিডিডিএলের কার্যক্রম দেখতে যান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএলের সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে তিনি সিডিডিএলে এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান। সিডিডিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল। পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং এর কার্যক্রম পরিচালনা দুর্বল হয়ে যায়। এই পরিস্থিতি থেকে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সিডিডিএল এ পর্যন্ত এক হাজার ৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কনটেইনার ভেসেল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্টুন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা দিয়ে আসছে সিডিডিএল।
সরকারের মেইড ইন বাংলাদেশ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটাতে সিডিডিএল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি প্রাথমিক কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরও বাড়বে এবং প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।
জাহাজ নির্মাণ ও মেরামতের বাইরেও দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ ও বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার নির্মাণে প্রতিষ্ঠানটি দক্ষতা দেখিয়েছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে। সিডিডিএলের বহুমুখী কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন