বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৫:১৮ পিএম

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ব্যাংকভিত্তিক আর্থিক চিত্র আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

চলতি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুঞ্জীভূত হয়েছে। অর্থমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুসারে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ লাখ টাকা, যা ছয়টি সরকারি ব্যাংকের মোট খেলাপির অর্ধেকেরও বেশি। এছাড়া অগ্রণী ব্যাংকে খেলাপি ঋণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা এবং সোনালী ব্যাংকে এর পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ লাখ টাকা।

অন্য তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রূপালী ব্যাংকে খেলাপি ঋণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ টাকা। বিশেষায়িত বেসিক ব্যাংকে বর্তমানে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে আট হাজার ১৩১ কোটি নয় লাখ টাকা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে এই অংক ৮৮৮ কোটি ৭৯ লাখ টাকা। সরকারি ব্যাংকগুলোতে জমে থাকা এই বিপুল অঙ্কের খেলাপি ঋণ দেশের সার্বিক ব্যাংকিং খাত ও আর্থিক ব্যবস্থাপনার অন্যতম প্রধান সংকট হিসেবে সংসদে আলোচনায় উঠে আসে।