মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

জিটিএ সিক্সের গেমিং ভিডিও ফাঁসকারী হ্যাকার আরিওন কুর্তাজের দোষ স্বীকার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৫:৪৭ এএম

জিটিএ সিক্সের গেমিং ভিডিও ফাঁসকারী হ্যাকার আরিওন কুর্তাজের দোষ স্বীকার

জিটিএ সিক্সের গেমিং ভিডিও ফাঁসের ঘটনায় অভিযুক্ত হ্যাকার আরিওন কুর্তাজ।

আলোচিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্সের অগ্রিম ফুটেজ ফাঁসের ঘটনায় জড়িত প্রধান হ্যাকার আরিওন কুর্তাজ আদালতে দোষ স্বীকার করেছেন। ল্যাপসাস সাইবার অপরাধ চক্রের সদস্য ২১ বছর বয়সী এই তরুণ সোমবার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তথ্যানুযায়ী এই স্বীকারোক্তি দেন।

এর আগে ২০২২ সালে জামিনে থাকা অবস্থায় জনপ্রিয় এই গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান রকস্টার গেমসের সিস্টেম হ্যাক করেছিলেন তিনি। হোটেল রুমে অবস্থানকালে অ্যামাজন ফায়ার স্টিক ব্যবহার করে চালানো ওই সাইবার হামলায় গেমটির প্রায় ৯০টি ভিডিও এবং প্রায় এক ঘণ্টার অসমাপ্ত ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছিল।

উদ্ধার হওয়া তথ্যানুযায়ী, রকস্টার গেমস হ্যাক করার সময় তিনি পুলিশি সুরক্ষায় একটি হোটেলে ছিলেন। এই সাইবার হামলার পর ডেভেলপার প্রতিষ্ঠানটির সার্ভার পুনরুদ্ধার করতে প্রায় ৫০ লাখ ডলার এবং কর্মীদের হাজার হাজার ঘণ্টা সময় নষ্ট হয়েছিল।

অটিজম সংক্রান্ত জটিলতার কারণে ২০২৩ সালে তাকে বিচারকাজে অনুপযুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় তাকে সাধারণ কারাগারে স্থানান্তর করা হয় এবং বিচারকার্য শুরু হয়।

এই হ্যাকিং চক্রের সদস্যরা উবার এবং এনভিডিয়ার মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সিস্টেমও টার্গেট করেছিল। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী সাজা ঘোষণা করার কথা রয়েছে।