নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৩ এএম
ব্রাজিল দল বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় নেই বলে স্বীকার করেছেন কোচ কার্লো আনচেলত্তি। জাপানের কাছে প্রীতি ম্যাচে হারের পর রোমারিওর কড়া সমালোচনার মুখে এই মন্তব্য করেন তিনি। গত শনিবার সিঙ্গাপুরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত পাঁচ ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার। ম্যাচটির যোগ করা সময়ে ফাউলের আবেদন নাকচ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া।
চলতি বছরের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। আগের ম্যাচে পরাজয়ের পর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতালিয়ান কোচকে ব্যাগ গুছিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানান। তবে রোমারিওর এই মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ আনচেলত্তি। তার মতে, অন্য সবার মতো রোমারিওরও নিজের মত প্রকাশের পূর্ণ অধিকার আছে।
ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্য অর্জনের পর গত বছর ব্রাজিলের দায়িত্ব নেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি। দেশটির ইতিহাসে প্রথম স্থায়ী বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়া এই ইতালিয়ানের কাছে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে চলতি বছরের বিশ^কাপে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় সেলেসাওরা। এর পরই পুরনো ও অভিজ্ঞদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়ায় মনোযোগ দেন কোচ। দল পুনর্গঠনে কিছুটা সময় প্রয়োজন বলে শুরু থেকেই জানিয়ে আসছিলেন তিনি।
সামগ্রিক পারফরম্যান্সে ওঠানামা থাকলেও দল সঠিক পথেই আছে বলে দাবি করেছেন আনচেলত্তি। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় দলকে পুনরায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক দলে পরিণত করতে তিনি আরও বেশি কিছু করতে চান। জাপানের বিপক্ষে ম্যাচের পর রক্ষণভাগে উন্নতির প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচে নতুন কিছু বিষয় যাচাই করে দেখা হবে বলেও জানান ব্রাজিল কোচ। তবে গত ম্যাচে লাল কার্ড পাওয়ায় এই ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন