মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬,

ব্যাংক অব আমেরিকার শেয়ার কমিয়ে ডেল্টায় বিনিয়োগ বাড়াল বার্কশায়ার

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৬, ০৭:৫৫ এএম

ব্যাংক অব আমেরিকার শেয়ার কমিয়ে ডেল্টায় বিনিয়োগ বাড়াল বার্কশায়ার

বার্কশায়ার হ্যাথাওয়ে

তৃতীয় প্রান্তিকে ব্যাংক অব আমেরিকা এবং ক্যাপিটাল ওয়ানের শেয়ার কমিয়ে ডেল্টা এয়ারলাইন্সের বিনিয়োগ বাড়িয়েছে বার্কশায়ার হ্যাথাওয়ে। সোমবার প্রকাশিত রেগুলেটরি ফাইলিং অনুযায়ী, বিশাল এই কনগ্লোমারেট তাদের ইক্যুইটি পোর্টফোলিওতে বড় ধরনের রদবদল এনেছে। ওয়ারেন বাফেটের উত্তরসূরি প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেলের হাত ধরে এই পরিবর্তন আসছে।

ফাইলিংয়ের তথ্য অনুযায়ী, ব্যাংক অব আমেরিকার শেয়ার ৬ শতাংশ কমিয়ে ৪৫ কোটি ৫৫ লাখ শেয়ারে নামিয়ে এনেছে বার্কশায়ার, যার বাজারমূল্য প্রায় ২৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই সাথে ক্যাপিটাল ওয়ানের বিনিয়োগ ৬২ শতাংশ কমিয়ে ১১ লাখ ৫০ হাজারে নামানো হয়েছে। বিপরীতে ডেল্টা এয়ারলাইন্সে বিনিয়োগ ১২ শতাংশ বাড়িয়ে ৬ কোটি ৪৫ লাখ শেয়ারে উন্নীত করা হয়েছে।

গত সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়ের এই ফাইলিংয়ে বার্কশায়ারের ৩৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের স্টক পোর্টফোলিওর বড় অংশ উঠে এসেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি ২ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের ইকুইটি কিনলেও বিক্রি করেছে ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। এর ফলে স্টক নিট বিক্রেতা হিসেবে তাদের সাম্প্রতিক ধারা অব্যাহত রয়েছে।

দীর্ঘমেয়াদি ও প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় কৌশল বজায় রাখার জন্য ঐতিহ্যগতভাবে পরিচিত এই প্রতিষ্ঠানটি নতুন খাতেও বিনিয়োগ বাড়িয়েছে। ভিমিও এবং এওএলের মালিকানাধীন ইতালীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বেন্ডিং স্পুন্সে নতুন বিনিয়োগ করেছে বার্কশায়ার। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ৬০ কোটি ডলার এবং পরবর্তীতে আরও ৩৩ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এই অংশীদারত্ব তৈরি হয়েছে।

হোমবিল্ডার লেনারের শেয়ার প্রায় দ্বিগুণ করার পাশাপাশি ডিপার্টমেন্ট স্টোর মেসিস এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারেও পরিবর্তন এনেছে বার্কশায়ার। তবে ক্রুগার এবং ভেরিসাইনে নিজেদের হোল্ডিং কিছুটা কমিয়েছে প্রতিষ্ঠানটি। আর্থিক পরিষেবা থেকে প্রযুক্তি ও শিল্প খাতের কোম্পানিগুলোতে বিনিয়োগের এই রূপান্তর বাজার বিশ্লেষকদের নজর কেড়েছে।