মে ২৭, ২০২৬, ০৩:১২ পিএম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে প্রকল্পের আবাসিক এলাকা ‘গ্রীন সিটি’র ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত লাতিপভ ভিল নির্মাণাধীন এই প্রকল্পে নিয়োজিত রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম-এর একজন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে সহকর্মীরা নিজ কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রীন সিটি আবাসিক এলাকার দায়িত্বরত চিকিৎসককে খবর দেন। চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রুশ নাগরিককে মৃত ঘোষণা করলে বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন