মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

রূপপুরের ইউরেনিয়াম সরবরাহ শুরু হচ্ছে অক্টোবরে

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৬ এএম

রূপপুরের ইউরেনিয়াম সরবরাহ শুরু হচ্ছে অক্টোবরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ শুরু করতে যাচ্ছে রাশিয়া। আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত এই সরবরাহ কার্যক্রম চলবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, প্রকল্পের নির্ধারিত সময়সূচি ও চুক্তি অনুযায়ী কয়েকটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পরিবহন করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে সফলভাবে স্থাপন করা হয়। আকাশপথে পরিবহন নিশ্চিত করতে একটি জটিল আন্তর্জাতিক পথ অতিক্রম করতে হয়। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের বিশেষ চালান বাংলাদেশে পৌঁছে থাকে। 

এর আগে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেতে জটিলতা দেখা দিলে চালানের উড্ডয়নসূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছিল। তবে সব প্রক্রিয়া সম্পন্ন করে রোসাটম নতুন সময়সূচি চূড়ান্ত করেছে এবং বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট সব অংশীজনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। নতুন এই সূচি অনুসারেই অক্টোবর থেকে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম বাংলাদেশে পৌঁছাবে।