শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ

সিলেটে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র: বাণিজ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৪:৫৭ পিএম

সিলেটে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র: বাণিজ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সিলেটে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটে মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বাণিজ্যমন্ত্রী জানান, সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে ইতিপূর্বে আলোচনা হয়েছে। এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিতে আগামী সপ্তাহ কিংবা তার পরবর্তী সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রীকে সিলেটে এনে সরেজমিনে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বহু তরুণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তুলছেন। এআই প্রশিক্ষণ কেন্দ্রসিলেটের তরুণদেরও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক এই শ্রমবাজারে যুক্ত করার বিশাল সুযোগ রয়েছে। পরিকল্পিতভাবে প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালিত হলে স্থানীয় তরুণরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে বিপুল কর্মসংস্থানের সুযোগ পাবেন।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, তথ্যপ্রযুক্তি এখন বিনিয়োগের সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র। প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করতে পারলে সিলেটের তরুণেরা দেশি ও বিদেশি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পাবেন। বর্তমানে দেশে অনেক ফ্রিল্যান্সার প্রতি মাসে কয়েক শত থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের জন্য একক কোনো খাতের বিকাশ যথেষ্ট নয়।

বিনিয়োগ ও কর্মসংস্থান সম্প্রসারণের স্বার্থে সমন্বিতভাবে যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি এবং আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন প্রয়োজন। ভৌত অবকাঠামোগত অগ্রগতি ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের বিবরণ দিয়ে মন্ত্রী জানান, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি রেল যোগাযোগের আধুনিকায়নে কাজ চলছে। এসব অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সাথে সিলেটের যাতায়াত আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি এবং সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।