অক্টোবর ৪, ২০২৬, ০৫:৫৩ পিএম
১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার পথে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার দুপুর আড়াইটায় তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলসহ বিমানযোগে তানজানিয়ার উদ্দেশে রওয়ানা হন।
এই আন্তর্জাতিক সংসদীয় সফরে স্পিকারের সঙ্গে নয়জন সংসদ সদস্য রয়েছেন। সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন মূল ও পার্শ্ব সেশনে সরাসরি অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের শেষ দিন আগামী ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন