সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করলেন স্পিকার

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:১৩ পিএম

সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করলেন স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মৎস্য চাষের ধারাবাহিকতায় সংসদ ভবন লেকে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে বলে তিনি জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগরীয় এলাকা মৎস্য উৎপাদন এবং আহরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংসদ ভবন লেকে প্রতীকী মাছ চাষের মাধ্যমে মূলত গ্রামীণ জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। চিফ হুইপ জানান, দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। তিনি বলেন, ‍‍`আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে‍‍` এবং ‍‍`মাছে-ভাতে বাঙালি‍‍` প্রবাদকে বাস্তবে রূপ দিতে দেশের প্রতিটি প্রান্তে মাছের উৎপাদন বাড়াতে হবে।

লেকে ধাপে ধাপে মোট এক হাজার ২০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে এদিন লেকে ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।