সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:৫৫ পিএম
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সংসদীয় যোগাযোগ গভীর করার লক্ষ্যে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
উভয় দেশের সংসদীয় কূটনীতি জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে জার্মানিকে বাংলাদেশের অন্যতম দীর্ঘদিনের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ অংশীদার হিসেবে উল্লেখ করা হয়। আলোচনার সময় নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের মধ্যকার ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও বিস্তৃত ও সুদৃঢ় করার অনুকূল পরিবেশ তৈরি করেছে। বৈঠকে সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের গতি বাড়ানোর পাশাপাশি যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় দেশের সংসদে ‘বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়।
আলোচনায় দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তথ্য ও উপাত্ত তুলে ধরা হয়। এতে জানানো হয়, নির্বাচনে ১২৭ দশমিক ৭ মিলিয়নের বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৬০ দশমিক ২৩ শতাংশ। একই সঙ্গে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সরাসরি নীতি নির্ধারণে ভূমিকা নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসনের বিষয়টি অবহিত করা হয়। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানোর জন্য ধন্যবাদ জানিয়ে প্রতিনিধি দল উল্লেখ করে যে তাদের চূড়ান্ত সুপারিশমালা নির্বাচনী সততা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার গৃহীত নানা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, কমিটির সদস্য এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন এবং সানজিদা ইসলাম। অন্যদিকে জার্মানির ফেডারেল সংসদ বুন্দেস্ট্যাগের সদস্য নিকলাস কাপের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে অংশ নেন বুন্দেস্ট্যাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাথফ, উলে শাউস এবং ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এ ছাড়া সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় যুক্ত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন