সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরি মামলায় গ্রেপ্তার ৩

এনামুল মবিন(সবুজ)

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৬:৪৭ পিএম

চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরি মামলায় গ্রেপ্তার ৩

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া অলংকারের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সোমবার চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের এক নারীর বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর তদন্তে নেমে কারেন্টেরহাট বাজারে অবস্থিত চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের টুকরোটির মোট ওজন ১ আনা ২৮ পয়েন্ট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়া এলাকার মো. আজিজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা ও মো. সাইদুরের ছেলে মো. আলমগীর বাদশাহ এবং ছোটবাউল চেয়ারম্যানপাড়া এলাকার লোকমোহন চন্দ্র রায়ের ছেলে চন্দন চন্দ্র রায়।

জাতীয় জরুরি সেবা ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় চিরিরবন্দর থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৪১/২৬ এবং জিআর নম্বর ২৮৩/২৬ (চিরিরবন্দর)। মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামানের ওপর অর্পণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তকরণ এবং চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।