সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৪:৪৭ পিএম
পিতা-মাতার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সামাজিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বৃদ্ধ মা-বাবার কল্যাণ নিশ্চিতে প্রণীত নতুন সম্পত্তি হস্তান্তর আইনের গুরুত্ব তুলে ধরেন।
সম্পত্তি হস্তান্তরের পরও জীবদ্দশায় পিতা-মাতার ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ রাখা হয়েছে এই আইনে। চীফ হুইপ জানান, গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রথম অধিবেশনে অধ্যাদেশের মাধ্যমে প্রণীত ১৩৩টি আইনের মধ্যে ১৬টি আইন সংসদীয় পর্যালোচনার জন্য রাখা হয়েছিল, যা দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সংশোধন করা হয়েছে। নতুন মানবাধিকার-সংক্রান্ত বিলে গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত পাঁচ মাসে ঋণ ও সুদ বাবদ ২০৫ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। রাষ্ট্রীয় অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণ করেছেন। সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনতে রসিদভিত্তিক বিল পরিশোধ, প্রটোকল যৌক্তিকীকরণ এবং সরকারি খাবারের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ পাচার রোধেও প্রয়োজনীয় সংস্কার চলছে।
কৃষিখাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, প্রথম ক্যাবিনেট বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। দুই কোটি পরিবারের জন্য কৃষক কার্ড চালুর পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং ইমামদের জন্য ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে খাল খননসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, সবার আগে বাংলাদেশ নীতির আলোকে বিশ্বের সব বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে। অতীতের বিভিন্ন বিদ্যুৎ চুক্তি ও প্রকল্পের আর্থিক দিকগুলোও জাতীয় স্বার্থের আলোকে পর্যালোচনা করা হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি বলে মত দেন চীফ হুইপ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন