মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে শ্রমিক দলের মিছিল

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৭:৫৩ পিএম

দিনাজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে শ্রমিক দলের মিছিল

ছবি: দিনাজপুর টিভি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে দিনাজপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-তিন আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় এতে জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল করিম গুরু ও সাধারণ সম্পাদক হাসু খান। শ্রমিক দলের জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম। এছাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো. নুরে আলম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি দেলোয়ার ইসলাম লাইজু, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিন্টু এবং সদস্য শাহীন পারভেজ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক রাসেল ইসলাম, নশিপুর বিএডিসি শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেনন হোসেন, হোটেল শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, জেলা সিবিএ সাধারণ সম্পাদক ওমর কাইয়ুম এবং শ্রমিক দল নেতা হায়দার আলী, মোতাহার আলী, আতাউর ও আজিজুল কর্মসূচিতে যোগ দেন। একই সাথে জেলার তেরোটি উপজেলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। তবে এদেশের মেহনতি মানুষ ও সচেতন শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে এই হীন চক্রান্ত প্রতিহত করবে বলে নেতারা হুঁশিয়ারি দেন। দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, নৈরাজ্য ও ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে জাতীয়তাবাদী শ্রমিক দল সর্বদা প্রস্তুত রয়েছে বলে সমাবেশে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।