মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান সংশোধন বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনায় সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৮:০৬ পিএম

সংবিধান সংশোধন বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনায় সরকার

বিরোধী দলসহ সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই সংবিধান সংশোধন করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদের ভেতরে ও বাইরে সর্বস্তরের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সংস্কার কাঠামো দাঁড় করাতে চায় বিশেষ কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত রাখা হয়েছে। তিনি বিরোধী দলকেও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা যাতে বিশেষ কমিটিতে নিজেদের প্রতিনিধি মনোনীত করে এবং সরাসরি আলোচনায় অংশ নেয়, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সবার অংশগ্রহণে একটি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক সংশোধনী আনতে আগ্রহী।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন সামাজিক শক্তি ও সংগঠনের সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। একই সঙ্গে বিগত সতেরো বছরে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং শহীদ পরিবারের প্রতিনিধিদের মতামত পর্যায়ক্রমে নেওয়া হবে। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের পরামর্শ সংগ্রহের পর সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জাতীয় সংসদে আনুষ্ঠানিক বিল উত্থাপন করা হবে।

একক রাষ্ট্রীয় কাঠামোতে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আদৌ কোনো উপযোগিতা আছে কি না, সে বিষয়ে চতুর্থ বৈঠকে আলোচনা উঠেছে। সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল এবং সেই সিদ্ধান্তের আলোকেই সরকার সামনে এগোতে চায়।

বৈঠকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা এবং এর বিকেন্দ্রীকরণ নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা ও কার্যপদ্ধতি নির্ধারণে অংশীজনদের কাছ থেকে লিখিত সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে কমিটি। প্রাপ্ত প্রস্তাবগুলো উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করে সংসদেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।