মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৭:০৭ পিএম

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিনের দীর্ঘ অবকাশ তৈরি হয়েছে। আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বার্ষিক ছুটির তালিকা এবং প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত ক্যালেন্ডারে একই সময়সীমা ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সাত দিনের ছুটি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, দুর্গাপূজার মূল উৎসব উপলক্ষে ১৮ অক্টোবর রোববার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান বন্ধ থাকবে। এর সাথে পরবর্তী দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একটানা সাত দিনের অবকাশ পাচ্ছে। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যালেন্ডারেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন বন্ধের নির্দেশনা থাকায় প্রাথমিকের শিক্ষার্থীরাও টানা সাত দিনের ছুটি ভোগ করবে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি অনুমোদন করায় এই সুযোগ তৈরি হয়। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত একটানা পাঁচ দিন সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাহী আদেশে ২২ অক্টোবর বৃহস্পতিবারের এই ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ডক্টর সালেহ শিবলী।

সরকারি ছুটির প্রচলিত বর্ষপঞ্জি অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর সাথে নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশের ছুটি যুক্ত হওয়ায় এবং পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবের সময়সূচি অনুযায়ী, চলতি বছর আগামী ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।