মে ৮, ২০২৬, ০৬:০০ পিএম
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদরাসায় ২১ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে মোট ৭ দিনের ছুটি নির্ধারণ করেছে সরকার। সরকারি অফিসের ছুটির তলিকায় পরিবর্তন এলেও শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় এবং নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে।এই ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় স্কুলগুলোতে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাবে।মাদরাসায় ছুটি ২১ দিন।কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক বন্ধের কারণে মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে। অন্যদিকে, দেশের মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং শেষ হবে ১১ জুন।
এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি ভোগ করতে পারবে।মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এই ছুটির সূচি ২০২৬ সালের অনুমোদিত শিক্ষাপঞ্জি অনুযায়ী কার্যকর হবে। ২৩ মে শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীদের ছুটির হিসেবে কিছুটা পরিবর্তন এলেও সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষার ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন