সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৬:২৪ পিএম
রংপুরের পিছিয়ে পড়া জনপদকে অগ্রাধিকার দিয়ে সরকার নতুন উন্নয়ন পরিকল্পনা সাজাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের উন্নয়ন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এই সংসদ সদস্য উল্লেখ করেন, প্রতিটি সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে তা সমাধান করা হচ্ছে।
প্রকল্পের দ্রুত বাস্তবায়নই মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টনের অংশ হিসেবে ইতোমধ্যে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে একশত ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা রংপুর বিভাগের সার্বিক অবকাঠামো সংস্কার ও উন্নয়নে প্রায় তিন হাজার ছয়শত কোটি টাকার মেগা প্রকল্প প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।
তিস্তা নদীর সংকট সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবে উত্তরাঞ্চলের মানুষ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, জেলা কমিটির বৈঠক থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি না ঘটলে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জানুয়ারি থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরণের অনিয়ম বা নির্বাচনী কলঙ্ক সরকার নিজের কাঁধে নেবে না জানিয়ে তিনি সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যগণ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন