সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৮:১০ পিএম
দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক আধুনিকায়ন, নতুন পরিকল্পনা প্রণয়ন ও পারস্পরিক সহায়তা জোরদারে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মসংস্থানের সঙ্গে শিক্ষাব্যবস্থার সরাসরি সংযোগ তৈরি এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত সরকারের নানা অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর দুপুরের খাবার বা মিড-ডে মিল চালু, বিনামূল্যে স্কুল পোশাক ও ব্যাগ বিতরণ, চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে নতুন দুটি বই যুক্ত করা এবং ষষ্ঠ শ্রেণি থেকে আনন্দঘন শিখন পদ্ধতি হিসেবে লার্নিং উইথ হ্যাপিনেস চালুর বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে তৃতীয় ভাষা শিক্ষা চালু করার পরিকল্পনা বৈঠকে স্থান পায়। পাশাপাশি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ, আধুনিক বিজ্ঞানাগার ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট সেবা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে নতুন কারিগরি প্রতিষ্ঠান নির্মাণ ও প্রতিটি প্রতিষ্ঠানে কারিগরি ল্যাব স্থাপনের বিষয়েও কথা হয়।
উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রীদের স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত এবং ছাত্রদের মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টির রূপরেখা তুলে ধরা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের বিকাশ, টেকসই প্রাতিষ্ঠানিক পরিবেশ, প্রতিটি প্রতিষ্ঠানে ক্যারিয়ার কাউন্সেলিং দপ্তর প্রতিষ্ঠা এবং বিদেশে উচ্চশিক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর জিন পেসম। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা ও দক্ষতা বৈশ্বিক প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, অপারেশনস ম্যানেজার ডক্টর গেইল এইচ মার্টিন, সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ আব্দুল হাই সোফিজাদা, সিনিয়র অর্থনীতিবিদ সৈয়দ রাশেদ আল জায়েদ এবং সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ তাসনিনা রহমান।
কর্মসংস্থান বিনিময় কেন্দ্র চালু, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের কাছ থেকে নীতি পরামর্শ ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন