সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে সুবিধাভোগীদের নিয়ে নারী ক্ষমতায়ন সম্মেলন অনুষ্ঠিত

আতিউর রহমান

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৯:৪১ পিএম

বিরলে সুবিধাভোগীদের নিয়ে নারী ক্ষমতায়ন সম্মেলন অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে এই সম্মেলন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।

তিনি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের অধিকার রক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের এই ধরনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান সরকার, ডেন্টাল সার্জন সাদ্দাম হোসেন ও উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান।

এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজার রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ইসরাফিল হোসেন। বক্তারা সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পিছিয়ে পড়া নারীদের সার্বিক সক্ষমতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন। সম্মেলনে প্রকল্পের লক্ষ্য ও মাঠপর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মাহফুজ আলম।

সোসাইটি ফর উদ্যোগের মাঠপর্যায়ের কার্যক্রম ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন সংস্থাটির প্রকল্প কর্মী আলিমা বেগম ও জেসমিন ফেরদৌস। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী সুবিধাভোগীরা এই সম্মেলনে অংশ নিয়ে নিজেদের অধিকার ও স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা বিনিময় করেন।