সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৫:৪০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট, সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকের পরপরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চিরিরবন্দর থানার উপপরিদর্শক মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের জনৈক আজিমুদ্দিনের বাঁশঝাড়ে এই গোপন অভিযান পরিচালনা করে।
ওই সময় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট নিজ দখলে রাখা এবং প্রকাশ্যে সেবনের অপরাধে ঘটনাস্থল থেকেই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নানিয়াটিকর গুপ্তিপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. মাহবুব ইসলাম, একই এলাকার মো. সোলায়মান আলীর ছেলে মান্না ইসলাম এবং দিনাজপুর কোতোয়ালি থানার উত্তর দেবীপুর এলাকার মো. কাওছার আলীর ছেলে মো. জীবন হোসেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে তিনটি টাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত তিনটি কাগজের তৈরি পাইপ এবং পাঁচটি গ্যাসলাইট উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে অবহিত করা হয়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মো. মাহবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুই ব্যক্তি মান্না ইসলাম ও মো. জীবন হোসেনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। এই বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন