সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:২৭ পিএম
সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সরকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দিনাজপুরের চিরিরবন্দর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান মেয়াদের মধ্যেই সরকার তার সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, সরকারের মাত্র আট মাসে বহু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকার তার লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। উপজেলাধীন আব্দুলপুর ইউনিয়ন বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপি নেতা সহকারী অধ্যাপক মো. মেছবাহুল ইসলাম, কবির সরকার এবং আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল। মতবিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন