নভেম্বর ৪, ২০২৬, ১০:৩৯ এএম
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানাগুলোতে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
অসন্তোষের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়ায় ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থল সূত্রে জানা গেছে, বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার একাধিক কারখানার শ্রমিকরা নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিয়ে হাজিরা দেন। কিন্তু এরপরই তারা কারখানা থেকে বেরিয়ে এসে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সংগঠিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। টিয়ারশেলের মুখে শ্রমিকরা প্রধান সড়ক ছেড়ে আশপাশের গলিগুলোতে অবস্থান নেন। দফায় দফায় সংঘর্ষের ফলে পুরো হেমায়েতপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে অবস্থা তৈরি হয়।
অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও কারখানাগুলোর ভেতরে অসন্তোষ দেখা গেছে। সকালে আশুলিয়া এলাকার হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজে যোগ দিয়েও উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরেই বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বেশ কিছু পোশাক কারখানায় আজকের দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আশুলিয়ার প্রধান প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সার্বিক বিষয় নিশ্চিত করে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন জানান, আশুলিয়ায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা ঘটেনি। তবে শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। হেমায়েতপুরের সংঘর্ষের বিস্তারিত তথ্য তার জানা নেই বলেও উল্লেখ করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানানো হয়েছে, গোটা শিল্পাঞ্চলের নিরাপত্তা সুসংহত রাখতে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি সাভার ও আশুলিয়ায় বিজিবি সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন