বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে ১ মাস সময় চান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৬, ১১:০৯ এএম

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে ১ মাস সময় চান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে তলব পেয়ে সশরীরে হাজির না হয়ে ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বুধবার (৪ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির হয়ে সময়ের এই আবেদন জমা দেন তিনি।

এর আগে গত রোববার (১ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন। একই সঙ্গে ৪ নভেম্বর বুধবার সশরীরে উপস্থিত হয়ে বক্তব্যের পক্ষে যুক্তি ও ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

সংবাদ সূত্রে জানা গেছে, সম্প্রতি এবি পার্টির একটি রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যারিস্টার ফুয়াদ। ওই অনুষ্ঠানে বিচারপ্রক্রিয়ায় ‍‍`বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে‍‍` বলে মন্তব্য করেন তিনি।

ফুয়াদের এই বিতর্কিত বক্তব্য ট্রাইব্যুনালের বিচারকদের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে সুনির্দিষ্ট আদালত অবমাননার নোটিশ জারি করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানিয়েছিলেন, ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও প্রদত্ত রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক বা আপত্তিকর মন্তব্য করার কারণে এর আগেও পৃথকভাবে আরও দুই আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগে সশরীরে তলব করেছিল ট্রাইব্যুনাল।