বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে মাদকসহ আটক ২ জনের কারাদণ্ড ও জরিমানা

এনামুল মবিন(সবুজ)

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:৪৪ পিএম

চিরিরবন্দরে মাদকসহ আটক ২ জনের কারাদণ্ড ও জরিমানা

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধসংলগ্ন শ্যামলের লিচুর বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম।

চিরিরবন্দর থানা-পুলিশের একটি দল উপ-পরিদর্শক মো. মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালায়। মাদক সেবন ও নিজ হেফাজতে রাখার অভিযোগে সেখান থেকে মো. জীবন রানা ও মো. ফিরোজ আহম্মেদ নামের দুজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি কাগজের তৈরি পাইপ ও একটি গ্যাসলাইট জব্দ করেন পুলিশ সদস্যরা। আটক জীবন রানা চিরিরবন্দর উপজেলার ঝাজিরাপাড়া এলাকার সাজেদুর রহমানের ছেলে এবং ফিরোজ আহম্মেদ দিনাজপুর কোতোয়ালি থানার চকনারায়ণপুর এলাকার মোস্তাকিম আলীর ছেলে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ স্বীকারের প্রেক্ষিতে আটক দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং এলাকাটিতে মাদক নির্মূলে এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।