মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

এডিবির পাঁচ কোটি ডলারের ঋণ পাচ্ছে মডার্ন সিনটেক্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৫:৩০ পিএম

এডিবির পাঁচ কোটি ডলারের ঋণ পাচ্ছে মডার্ন সিনটেক্স

দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিদেশি কাঁচামাল নির্ভরতা কমিয়ে স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে পাঁচ কোটি মার্কিন ডলার বা ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টি কে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স লিমিটেডকে এই অর্থায়ন দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) এডিবির ঢাকা কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী এই অর্থ দিয়ে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে পলিয়েস্টার চিপস উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দৈনিক ৪০৭ টনে উন্নীত করা হবে।

বর্তমানে কারখানাটিতে দৈনিক ১০৭ টন পলিয়েস্টার চিপস উৎপাদিত হচ্ছে, যা নতুন বিনিয়োগের মাধ্যমে ৩০০ টন বৃদ্ধি পাবে। পাশাপাশি এই ঋণের একটি অংশ স্থানীয় স্বল্পমেয়াদি চলতি মূলধন ঋণ পুনরর্থায়নে ব্যয় করা হবে। নতুনভাবে সম্প্রসারিত কারখানাটিতে উচ্চমানের টেক্সটাইল ও তৈরি পোশাক তৈরিতে ব্যবহৃত উন্নত মানের পলিয়েস্টার চিপস তৈরি করা হবে।

প্রকল্পটির মাধ্যমে আধুনিক ও বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে একটি টেকসই পরিবেশবান্ধব শিল্প ইউনিট গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ঝিংফেন জিয়াং জানান, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে টেক্সটাইল ও তৈরি পোশাক খাত অন্যতম চালিকাশক্তি হলেও কৃত্রিম সুতা ও আনুষঙ্গিক কাঁচামালের জন্য এই খাতকে এখনো আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। এডিবির এই দীর্ঘমেয়াদি অর্থায়ন মডার্ন সিনটেক্সকে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা জোরদার এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরিতে সহায়তা করবে। একই সাথে এটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কারখানাটিতে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।

এর ফলে কারখানা পরিচালনায় প্রতি বছর প্রায় চার হাজার ৮৪০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় হবে এবং বায়ুমণ্ডলে প্রায় দুই হাজার ২২২ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। একই সাথে প্রতিষ্ঠানটি তাদের সামগ্রিক অবকাঠামোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ ‍‍`লিড প্লাটিনাম‍‍` পরিবেশবান্ধব সনদ অর্জনের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকল্পটি চালু হলে সরাসরি প্রায় ১০০ জন মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে, যেখানে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এডিবির এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে মডার্ন সিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী বলেন, আন্তর্জাতিক এই অর্থায়ন প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বহুগুণ বাড়াবে এবং বিদেশ থেকে কাঁচামাল আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আনবে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি টেকসই ও আন্তর্জাতিক মানে প্রতিযোগিতামূলক বস্ত্র শিল্প গড়ে তোলার পাশাপাশি এই কারখানা দেশের সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি অবদান রাখবে বলে তিনি জানান।