সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
মানবিক সহায়তা

বিরলে ২৩৩ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

আতিউর রহমান

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৯:৪৭ পিএম

বিরলে ২৩৩ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠপর্যায়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই অর্থ সহায়তা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সরাসরি সহায়তার অর্থ তুলে দেন দিনাজপুর-দুই (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিরল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা।

বক্তারা প্রান্তিক ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি মানবিক সহায়তা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। প্রকল্পের আওতায় বিরল উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সর্বমোট ২৩৩ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে এই নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।